গত বছরের আগস্টে ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ ১৪ বোতল মদসহ আটক হওয়ার অভিযোগ ওঠে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী-এর বিরুদ্ধে। এ ঘটনায় কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনার সময় তাঁর সঙ্গে ছিলেন স্বামী নির্মাতা আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত। অভিযোগে বলা হয়, তাদের লাগেজে ১৪ বোতল মদ পাওয়া গেলেও রহস্যজনক কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি প্রকাশ না করে ছেড়ে দেয়।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেন মেহজাবীন। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরেই তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে।
মেহজাবীনের ভাষ্য, “কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে।”
তিনি আরও বলেন, “আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।”
এ সময় প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেত্রী। তাঁর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ছবি ও ভিডিও শিল্পীদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে। বিশেষ করে নারীদের বিরুদ্ধে সাইবার টার্গেটিংয়ের প্রবণতা বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
সবশেষে নিজের অবস্থান পরিষ্কার করে মেহজাবীন বলেন, তিনি কেবল নিজের কাজ নিয়েই এগিয়ে যেতে চান এবং চান তাঁর পেশাগত কাজই আলোচনায় থাকুক, বিতর্ক নয়।
Leave a Reply