বাঙালির প্রাণের উৎসব বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা-২০২৬ আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে। এবারের মেলার মূল প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’। দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ প্রদান করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেবেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. রেজাউল করিম বাদশা ও সংস্কৃতিসচিব মো. মফিদুর রহমান।
মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিনগুলোতে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
এবারের মেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান রয়েছে। মোট ইউনিট সংখ্যা ১ হাজার ১৮টি। গত বছর অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ছিল ৭০৮টি এবং ইউনিট ছিল ১ হাজার ৮৪টি।
মেলায় বাংলা একাডেমি ও অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে। সরকারি প্রতিষ্ঠানসমূহ তাদের নির্ধারিত কমিশনে বই বিক্রি করবে। বাংলা একাডেমির বই ও পত্রপত্রিকা বিক্রির জন্য মেলার দুই অংশেই স্টল থাকবে।
এবারের আয়োজনকে পরিবেশ-সচেতন ও ‘জিরো ওয়েস্ট বইমেলা’ হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেলা থাকবে পলিথিন ও ধূমপানমুক্ত। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত ধুলাবালি নিবারক পানি ছিটানো ও মশক নিধনের ব্যবস্থা থাকবে।
আয়োজনস্থল ও আশপাশের এলাকায় স্থাপিত স্টল, দোকান, মঞ্চ, ব্যানার, লিফলেট, ফাস্ট ফুড ও কফি শপে পুনর্ব্যবহারযোগ্য ও পরিবেশবান্ধব উপকরণ—যেমন পাট, কাপড় ও কাগজ ব্যবহারে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে সোহরাওয়ার্দী উদ্যান-এর উন্মুক্ত মঞ্চসংলগ্ন গাছতলায় লিটল ম্যাগাজিন চত্বরের আয়োজন করা হয়েছে। সেখানে ৮৭টি লিটল ম্যাগাজিনকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
Leave a Reply