পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী সামরিক কবরস্থান-এ জাতীয় শহিদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রীয় মর্যাদায় শহিদ সেনা দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মোৎসর্গকারী সেনা কর্মকর্তারা জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলেও তিনি উল্লেখ করেন।
পিলখানা হত্যাকাণ্ডকে বিশ্বের অন্যতম নৃশংস ঘটনা হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, ঘটনার পেছনের উদ্দেশ্য উদঘাটনে তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও তার পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ হয়নি। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটি জাতীয় কমিশন গঠন করা হয় এবং সেই কমিশনের প্রতিবেদনও প্রস্তুত হয়েছে। তবে সুপারিশ বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেন তিনি।
নতুন করে আর কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারাধীন মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। পাশাপাশি কমিশনের সুপারিশগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
শহিদ পরিবারগুলোর উদ্দেশে তিনি বলেন, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। তার ভাষ্য অনুযায়ী, পিলখানার ঘটনা ছিল সেনাবাহিনীকে দুর্বল করার একটি ষড়যন্ত্র, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে অবিশ্বাসী শক্তির কাজ।




Yasean
Leave a Reply