ঢাকা, ২৫ ফেব্রুয়ারি — ২০০৯ সালে পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে বনানী সামরিক কবরস্থান-এ শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এ সময় তিন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।
সকাল ১০টার দিকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী বীর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানান।
পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সামরিক রীতিতে গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে তারা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সাবেক সীমান্তরক্ষী বাহিনী বিডিআর (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ)-এর ঢাকার পিলখানা সদর দপ্তরে বিদ্রোহের নামে তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। তার স্ত্রীসহ কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত হন। পরদিনও হত্যাযজ্ঞ অব্যাহত থাকে।
মর্মান্তিক এ ঘটনার ১৭ বছর পূর্তি উপলক্ষে দিনটি গত বছর থেকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে।
Leave a Reply