কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— মনোয়ারা বেগম (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও শিশু হুররাম (২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে কুমিল্লা জেলার দাউদকান্দি পৌর এলাকার বলদাখাল এলাকার একটি ভবনের নিচতলায় গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের কারণে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়।
দগ্ধদের সকাল ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর জরুরি বিভাগে ভর্তি করা হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন এবং তারা বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ, জিল হকের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার ৬৫ শতাংশ এবং শিশু হুররামের ৬ শতাংশ দগ্ধ হয়েছে। এর মধ্যে জিল হক ও উম্মে হুমায়রার দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।
Leave a Reply