ঢাকাই চলচ্চিত্রের আলোচিত মুখ চিত্রনায়িকা শবনম বুবলী আবারও আলোচনার কেন্দ্রে। তবে এবার কোনো নতুন সিনেমা, ব্যক্তিগত সম্পর্ক বা বিতর্ক নয়—ধর্মীয় অনুশীলন ও সামাজিক নৈতিকতা নিয়ে খোলামেলা বক্তব্যের কারণে আলোচনায় এসেছেন তিনি।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে বুবলী বলেন, একজন মুসলিম হিসেবে তিনি নিয়মিত নামাজ আদায় করেন এবং রোজা রাখেন। এমনকি রোজা রেখেই পেশাগত দায়িত্ব পালন করেন বলেও জানান তিনি। তার ভাষায়, “আমি তো কখনো বলিনি যে আমি ১০০ শতাংশ হাফেজ। কিন্তু আমি নামাজ পড়ি, রোজা রাখি। সেটা আমার আর আমার আল্লাহর সঙ্গে সম্পর্কের বিষয়।”
ধর্ম নিয়ে প্রকাশ্যে কথা বলায় কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন—এমন আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তবে সে বিষয়ে তার অবস্থান স্পষ্ট। বুবলী বলেন, “আমি চলচ্চিত্রের নায়িকা বলে ধর্ম নিয়ে কথা বলতে পারব না—এটা কেন হবে?”
সামাজিক যোগাযোগমাধ্যমে নৈতিকতার ভাষ্যদানকারীদের দিকেও আঙুল তোলেন এই অভিনেত্রী। তার মতে, অনলাইনে যারা কঠোর সমালোচনা করেন, তারাই অনেক সময় গীবত বা পরনিন্দায় লিপ্ত হন। তিনি প্রশ্ন রাখেন, “আপনারা যদি নিজেদের খুব ইসলামিক মাইন্ডেড ভাবেন, তাহলে গীবত করছেন কেন? সিনেমা দেখছেন কেন? সোশ্যাল মিডিয়ায় কটূ মন্তব্য করছেন কেন?”
ইসলামে গীবতকে গুরুতর পাপ হিসেবে উল্লেখ করে বুবলী বলেন, সমাজে অভিনয় পেশাকে প্রশ্নবিদ্ধ করা হলেও সুদ, ঘুষ বা অন্য অনৈতিক কাজের চেয়ে গীবতকে ইসলাম আরও কঠোরভাবে নিন্দা করেছে। তার মতে, অন্যকে বিচার করার আগে আত্মসমালোচনা করা জরুরি।
ধর্মীয় অনুশীলন ও পেশাগত জীবনের সমন্বয় নিয়ে বুবলীর এই বক্তব্য ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
Leave a Reply