ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচারের পর ২৪ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে। প্রায় চার ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তার মস্তিষ্ক থেকে টিউমার অপসারণ করা হয়েছে।
সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ। তিনি জানান, “আল্লাহর রহমতে তানিয়া বৃষ্টির সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ চার ঘণ্টার অপারেশনের পর টিউমার অপসারণ করা সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, “আগামী ২৪ ঘণ্টা তাকে অবজারভেশনে রাখা হবে। চিকিৎসকরা জানিয়েছেন, পোস্ট-অপারেটিভ সময়ে বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। তাই এখনই তাকে সম্পূর্ণ শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। সবাই তার জন্য দোয়া করবেন।”
চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সফল অস্ত্রোপচারের পর রোগীকে নির্দিষ্ট সময় সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে হবে। এ সময় হাসপাতালে অযথা ভিড় না করা এবং অতিরিক্ত ফোনকল থেকেও বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ব্রেন টিউমার অপারেশনের জন্য রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল-এ ভর্তি হন তানিয়া বৃষ্টি। সেদিন সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে অসুস্থতার বিষয়টি জানান তিনি। পোস্টে তাকে হাসপাতালের বেডে ফুলের তোড়া হাতে দেখা যায়। ক্যাপশনে জানান, পরিবার থেকে ভালোবাসা দিবসের ফুল পেয়েছেন এবং সবার কাছে দোয়া কামনা করেন। পাশাপাশি ১৫ ফেব্রুয়ারি তার অস্ত্রোপচার হওয়ার কথাও উল্লেখ করেন।
ছোট পর্দায় নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন তানিয়া বৃষ্টি। ২০১৫ সালে ঘাসফুল সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। পরে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত গোয়েন্দাগিরি সিনেমায় অভিনয় করেন তিনি। দীর্ঘ বিরতির পর রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফেরার কথা ছিল এই অভিনেত্রীর।
এখন তার সুস্থতার দিকেই তাকিয়ে আছেন ভক্ত ও সহকর্মীরা।
Leave a Reply