লেনদেন খরার বাজারে বেক্সিমকো ফার্মা একই একশ অনেকটাই এমন অবস্থা দাঁড়িয়েছে দেশের শেয়ারবাজার। প্রতিদিনই লেনদেনের বড় অংশজুড়ে থাকছে এ প্রতিষ্ঠানটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের প্রায় ৯ শতাংশ নিজের দখলে নিয়ে গত সপ্তাহে লেনদেনের শীর্ষ স্থানটি দখল করেছে ওষুধ ও রসায়ন খাতের এ প্রতিষ্ঠান। আগের সপ্তাহেও মোট লেনদেনের ৯ শতাংশের ওপরে ছিল কোম্পানিটির দখলে।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহজুড়ে ডিএসইতে ২৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা বাজারটির মোট লেনদেনের ৮ দশমিক ৬৫ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ৩২ কোটি ৭৫ লাখ টাকা, যা সপ্তাহজুড়ে হওয়া মোট লেনদেনের ৯ দশমিক ২৪ শতাংশ। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার লেনদেন পরিমাণ কমেছে ৩ কোটি ৪১ লাখ টাকা।
সপ্তাহের ব্যবধানে লেনদেন কমলেও শীর্ষ স্থানটি ধরে রেখেছে বেক্সিমকো ফার্মা। কিন্তু অন্য প্রতিষ্ঠানগুলো বেক্সিমকো ফার্মার সঙ্গে তালমিলাতে পারছে না। ফলে শেয়ারবাজারেও লেনদেন খরা কাটছে না। উল্টো প্রতিনিয়ত লেনদেন কমে খাদের কিনারে যাচ্ছে শেয়ারবাজার।
গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৬৭ কোটি ৮৪ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৭০ কোটি ৮৫ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৩ কোটি ১ লাখ টাকা বা ৪ দশমিক ২৫ শতাংশ।
Leave a Reply