উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে কাজ করবেন; ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত নেতা মুফতি হাবিবুর রহমানও ৫শ নেতাকর্মী নিয়ে সমর্থন ঘোষণা
খবরের বিস্তারিত: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন–কে পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী রবিউল হাসান।
রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৩টায় কলাপাড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রবিউল হাসান এই ঘোষণা দেন।
তিনি বলেন, “পটুয়াখালী-৪ আসনের উন্নয়নের স্বার্থে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের বিজয় নিশ্চিত করতে আমি এবং আমার সমর্থকরা পূর্ণভাবে কাজ করব। ধানের শীষের বিজয় হবে—এতে আমি আশাবাদী।”
বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “আগামী দিনে জাতীয়তাবাদী দলের যে ঐক্য প্রয়োজন, রবিউল হাসান তার এক উজ্জ্বল প্রতিফলন ঘটিয়েছেন। দুই নেতাকে সাধুবাদ জানাই। বিএনপির সকল নেতা-কর্মীকে অনুরোধ করছি—তাদের সঙ্গে মিলেমিশে কাজ করুন। আমরা সবাই একসঙ্গে আমাদের প্রিয় জন্মভূমিকে সুন্দর করে গড়ে তুলব।”
একই সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসে—ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মুফতি হাবিবুর রহমান ৫শ নেতা-কর্মী নিয়ে ধানের শীষ প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে পূর্ণ সমর্থন জানান।
সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন, গণঅধিকার পরিষদ ও বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এই ঘটনা পটুয়াখালী-৪ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে বিরোধী শক্তির সমর্থন বৃদ্ধি এবং বিরোধী ঐক্যের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
Leave a Reply