অ্যাথলেজ়ার বলতে যে ধরনের পোশাককে বোঝানো হয়, তা ইদানীং এতটাই জনপ্রিয় হয়েছে যে নতুন তৈরি এই শব্দবন্ধটি ঠাঁই পেয়েছে অভিধানে! যে ধরনের পোশাক আপনি ব্যায়াম করার সময় পরেন, তা রোজের জীবনেও পরাটাই এখন ফ্যাশন। সুবিধেটা হচ্ছে, অ্যাথলেজ়ার দেখতে যতটা ভালো, পরেও ঠিক ততটাই আরাম। তাই অল্পবয়সিদের মধ্যে তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সত্যি বলতে কী, ইদানীং কম-বেশি সব মানুষেরই কাজের চাপ বেড়েছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শরীর সম্পর্কে সচেতনতাও। আর কিছু হোক বা না হোক, সকলেই শারীরিক সৌন্দর্য সম্পর্কে সচেতন হয়ে উঠেছেন। তাই এই ধরনের স্টাইলিশ পোশাক পরে সর্বত্র যাওয়াটাই ক্রমশ ট্রেন্ড হয়ে দাঁড়াচ্ছে। কৃতী স্যানন থেকে আরম্ভ করে ঐন্দ্রিলা সেনের মতো সেলেবদের অঙ্গেও তা শোভা পেতে দেখা যাচ্ছে অহরহ।
এবার প্রশ্ন, ঠিক কীভাবে স্টাইল করা উচিত এই ধরনের পোশাক। মিক্স অ্যান্ড ম্যাচ করাটাই সবচেয়ে সহজ হিসেব। ধরুন স্পোর্টস ব্রা পরলেন, সঙ্গে চাপিয়ে নিন লেদার জ্যাকেট। পরতে পারেন ওয়েজ হিল। আরামদায়ক স্নিকার্স পরা যায় আপনার লেস বা শিফন ড্রেসের সঙ্গে। জিনস পরা যায় সোয়েট শার্টের সঙ্গে।
Leave a Reply