রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর আজ শনিবার ছিল সরকারপ্রধান হিসেবে তাঁর তৃতীয় কর্মদিবস এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম আনুষ্ঠানিক অফিস।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত বুধবার ও বৃহস্পতিবার তিনি সচিবালয়ে দায়িত্ব পালন করেন। আজ শনিবার সকাল ১০টা ১০ মিনিটে তিনি তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান।
কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
এ সময় প্রধানমন্ত্রী পুরোনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে ডেকে কথা বলেন, যা উপস্থিতদের মধ্যে আন্তরিকতার পরিবেশ সৃষ্টি করে।
কার্যালয়ে প্রবেশের পর প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




Yasean
Leave a Reply