হাইকমিশনার শাহ আহমেদ শাফির মাধ্যমে মোজাম্বিকের পররাষ্ট্রমন্ত্রীর হাতে চেক হস্তান্তর; গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ
খবরের বিস্তারিত: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মোজাম্বিকের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। টানা এক মাসের প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় দেশটির ফসল, জীবিকা ও যোগাযোগব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় মারাত্মক মানবিক সংকট দেখা দিয়েছে। এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে মোজাম্বিক সরকার।
এর প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মোজাম্বিকের বন্যাদুর্গত জনগণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শাফি গতকাল মোজাম্বিকের রাজধানী মাপুটোতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মানুয়েলা দোস সান্তোস লুকাস–এর হাতে স্থানীয় মুদ্রায় ১০ লাখ টাকার সমমূল্যের একটি চেক হস্তান্তর করেন।
মাপুটোতে পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই চেক হস্তান্তর করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
চেক হস্তান্তরকালে হাইকমিশনার শাহ আহমেদ শাফি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে মোজাম্বিকের জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বন্যাদুর্গত মানুষের দ্রুত এই দুর্ভোগ কাটিয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “এই সহায়তা মোজাম্বিকের জনগণ ও সরকারের প্রতি বাংলাদেশের জনগণ ও সরকারের সংহতি ও বন্ধুত্বের একটি প্রতীক মাত্র।”
অনুষ্ঠানে মোজাম্বিকে নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল ইউসুফ মিরালি উপস্থিত ছিলেন।
এই আর্থিক সহায়তা বাংলাদেশের মানবিক দিক ও আন্তর্জাতিক সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
Leave a Reply